মোরেলগঞ্জে ৩৬ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল বিতরণ
- আপলোড সময় : ০৮:৫২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২০৫ বার পড়া হয়েছে
বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ৩৬ হাজার শিশু লাল ও নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল পেয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দৈবজ্ঞহাটী উপ-স্বাস্থ্য কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।
শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশু মৃত্যুর হার কমাতে উপজেলার ৩৮৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭৭০ জন স্বেচ্ছাসেবী ও ৪৮ জন ফাস্ট লাইন সুপারভাইজারসহ বিভিন্ন কর্মকর্তারা এই কর্মসূচি সফল করতে কাজ করছেন।
৬ মাস থেকে ১ বছর বয়সী ৩৩৮৫ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১ থেকে ৫৯ বছর বয়সী ৩৩,৪২০ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানান, সারাদেশে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর অংশ হিসেবে মোরেলগঞ্জে কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি ওয়ার্ডের কেন্দ্রে একজন সুপারভাইজার ও একজন স্বাস্থ্য সহকারী সার্বক্ষণিক তদারকিতে থাকছেন।

























