টাঙ্গাইলে নারীর লাশ উদ্ধার, হত্যা সন্দেহে তদন্ত শুরু
- আপলোড সময় : ১১:০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২০৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের শিবনাথ পাড়া এলাকায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে তার হাত বাঁধা এবং গলায় রশি পেঁচানো অবস্থায় ৫১ বছর বয়সী নাজমা আলমের মরদেহ পাওয়া যায়। তিনি ভেটেরিনারি ডাক্তার শফিউল আলম শাহীনের স্ত্রী। পুলিশের ধারণা, তাকে নিজ বাড়িতে হত্যা করা হয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সকালে শফিউল আলম অফিসে যাওয়ার সময় স্ত্রী নাজমাকে একাধিকবার ফোন করেন, কিন্তু তার কোনো সাড়া পাননি। পরে সাবেক ভাড়াটিয়ার মাধ্যমে খবর নিয়ে তিনি জানতে পারেন নাজমার অবস্থা সংকটজনক। শফিউল আলম বাড়ির তিনতলায় গিয়ে নাজমার হাত বাঁধা এবং রক্তাক্ত মরদেহ দেখতে পান। এরপর পরিবারের সদস্য ও পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, এটি নিঃসন্দেহে হত্যা এবং ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
























