ইরানের মার্কিন ঘাঁটিগুলোকে ‘নরকে পরিণত’ করার হুমকি
- আপলোড সময় : ১১:১৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২০৮ বার পড়া হয়েছে
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিট মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে ‘নরকে পরিণত’ করার হুঁশিয়ারি দিয়েছে। রোববার (২৮ জুন) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একাধিক হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালিয়েছে।
আইআরজিসির নৌ-কমান্ড এক বিবৃতিতে উল্লেখ করেছে, সিরিক শহরে যুক্তরাষ্ট্রের হামলা ‘প্রণালির ওপর আমাদের আধিপত্যের রহস্যের কোনো সমাধান দেয়নি’। তারা আরও জানায়, ‘এ অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোর বিষয় আলাদা। আগামী দিনগুলোতে এগুলোকে নরকে পরিণত করা হবে।’
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে আবারও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কসংকেত বেজে উঠেছে। নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে এবং সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।
ইরনা ও তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত ও বাহরাইনে হামলা চালানোর দাবি করেছে ইরান। আইআরজিসি জানিয়েছে, তারা কুয়েতের ‘আলি আল সালেম’ মার্কিন বিমানঘাঁটি এবং বাহরাইনের পোর্ট সালমানে অবস্থিত মার্কিন ‘পঞ্চম নৌবহরকে’ লক্ষ্যবস্তু করেছে।
বার্তা সংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বাহরাইন ও কুয়েতসহ প্রতিবেশী দেশগুলোর দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান। তবে মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন সেনা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি এবং মার্কিন স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্যও নেই।
























