নরসিংদীতে নিখোঁজ কন্যাশিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- আপলোড সময় : ০৭:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
নরসিংদীর রায়পুরায় নিখোঁজের চার দিন পর ৭ বছরের কন্যাশিশু তাসকিয়ার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দি মাঠ থেকে মরদেহটি পাওয়া যায়। তাসকিয়া মধ্যনগর গ্রামের মামুন মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, তাসকিয়া গত বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নিখোঁজ হয়। তার পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে তারা রায়পুরা থানায় অভিযোগ দায়ের করেন। সোমবার সকালে স্থানীয়রা বালুয়াকান্দি চরে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান।
তাসকিয়ার পরিবার মরদেহ শনাক্ত করার পর পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান জানান, পুলিশ তথ্য উপাত্ত সংগ্রহ করছে এবং জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে। আশা করা হচ্ছে দ্রুতই শিশুটির মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

























